গাজীপুরের টঙ্গীতে নিরাপদ ও পরিবেশবান্ধব শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে শিল্প মালিক ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মেঘনারোডে এ্যামট্রানেট গ্রুপের হলরুমে এ সভা আয়োজন করা হয়।
এ সময় কারখানা শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ছিনতাই, অবৈধ গাড়ি পার্কিং,যানজট, রাস্তায় আলোকসজ্জার অভাব, কিশোর গ্যাং ও মাদকাসক্ত চক্রের উৎপাত, সিসি ক্যামেরার অভাব, অবৈধ ট্রাকস্ট্যান্ডসহ নানা সমস্যার কথা তুলে ধরা হয়। শিল্প বাঁচাতে সিটি করপোরেশন ও প্রশাসন কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান মালিকেরা।
সভায় সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ঐতিহ্যবাহী টঙ্গী শিল্প কারখানার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে, শিল্প এলাকা জঞ্জালমুক্ত রাখতে সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। শিল্প মালিকরা যাতে ভালোভাবে ব্যবসা-বাণিজ্য করতে সে বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
এছাড়া কারখানার আশপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে গেট করা এবং নিরাপত্তাকর্মী দিয়ে তা পরিচালনা করার আশ্বাসও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাকছুদুল আলম, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, যুবদল নেতা মো. আইয়ুব আলী, এ্যামট্রানেট গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা শাখওয়াত কায়েস সুজন, পিনাকী গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিব আহম্মেদসহ অন্যরা।
