বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
প্রতিকার চেয়ে সেনা কর্তৃপক্ষের কাছে আবেদন

পটিয়ায় ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:৪৭ পিএম

পটিয়ায় ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার অভিযোগ

পটিয়ায় ফসলি জমির টপসয়েল কেটে নিচ্ছে সেনাসদস্য মোহন করের লোকজন। ছবি: মুক্তবাণী

চট্টগ্রামের পটিয়ায় ফসলি জমির টপসয়েল (উপরিভাগের উর্বর মাটি) জোরপূর্বক কেটে অন্য জমিতে ভরাট করার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিকের পক্ষ থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের কমলাপাড়া এলাকার বাসিন্দা মো. কলিম উদ্দিন ও তাঁর পরিবারের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির জমির অংশ নিয়ে বিরোধ দীর্ঘদিনের। বিষয়টি নিয়ে পটিয়া যুগ্ম জেলা জজ আদালতে ১৪৮/২০২৬ নম্বর দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। জমির অংশ নির্ধারণ ও নিষেধাজ্ঞার আবেদন আদালতে বিবেচনাধীন থাকলেও অভিযুক্ত ব্যক্তি প্রভাব খাটিয়ে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটার কাজ চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীর দাবি, গত ৬ নভেম্বর (শুক্রবার) অভিযুক্ত ব্যক্তি একটি এক্সকাভেটর (ভলভো) ব্যবহার করে তাঁদের ফসলি জমির টপসয়েল কেটে নিজের নতুন বাউন্ডারি করা জমিতে ভরাট করেন। খবর পেয়ে কলিম উদ্দিন বাড়িতে ফিরে বাবা ও ভাইকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তি ও তাঁর লোকজন প্রথমে মাটি সরিয়ে জমি সমান করে দেওয়ার আশ্বাস দেন।
কিন্তু অভিযোগ অনুযায়ী, তাঁরা জুমার নামাজে যাওয়ার সুযোগে অভিযুক্ত ব্যক্তি পাশের অন্যের জমি থেকে মাটি কেটে তাঁদের জমি ভরাট করেন। পরে এক্সকাভেটর ও শ্রমিকদের সরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য এবং বর্তমানে যশোর সেনানিবাসে কর্মরত। ছুটিতে এসে তিনি এসব কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে অভিযোগকারীর দাবি। তাঁর বিরুদ্ধে ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও বিরোধ সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, চট্টগ্রাম সেনানিবাস এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি, যশোর সেনানিবাস বরাবর আবেদন জানানো হয়েছে।
অভিযোগকারী পরিবারের দাবি, আদালতে বিচারাধীন জমি নিয়ে কোনো ধরনের জোরপূর্বক কর্মকাণ্ড বন্ধ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি মোহন করের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেএইচ

Link copied!