কুমিল্লার লাকসামে ৬০ পিস ইয়াবাসহ মহিন উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার বিজরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মহিন উদ্দিন উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বড় বিজরা গ্রামের সালেহার বাপের বাড়ির আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিজেকে বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম। এ সময় মহিন উদ্দিনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তবে মহিন উদ্দিন যুবদলের কোনো পদে নেই বলে জানিয়েছেন বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব ওমর ফারুক। তিনি বলেন, মহিন প্রবাস থেকে দেশে ফেরার পর যুবদলের কয়েকটি সভা-সমাবেশে অংশ নিয়েছিলেন। তবে সংগঠনে তার কোনো পদ-পদবি নেই। তিনি যুবদলের কোনো পর্যায়ের দায়িত্বে নেই।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী জানান, এ ঘটনায় মহিন উদ্দিনকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লার আদালতে পাঠানো হবে। মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে লাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক বলেন, যুবদলের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
