বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নাশকতা এড়াতে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, ৮ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০২:৫৪ পিএম

নাশকতা এড়াতে গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা, ৮ প্লাটুন আনসার মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা, জনদুর্ভোগ ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জের বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আসাদুজ্জামান গনি।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি আনসার ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গোপালগঞ্জসহ আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদারে ৮ প্লাটুন ব্যাটালিয়ন সদস্য কাজ করবেন।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনীর সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়নের পরিচালক আবু সুফিয়ান, গোপালগঞ্জ আনসার ব্যাটালিয়নের পরিচালক তাসকিন আরাসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক মুক্তবাণী

Link copied!