আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার বিকেল ও সন্ধ্যায় বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে পরে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এরপর দলবদ্ধভাবে নেতা-কর্মীরা থানার দিকে অগ্রসর হন। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভকারীরা থানায় প্রবেশ করেন এবং গ্রেপ্তার নেতা-কর্মীদের ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সদস্য কিংবা বিক্ষোভকারীদের কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
