বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার দাবিতে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১০:৩৫ এএম

শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষার দাবিতে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা। ছবি: মুক্তবাণী

গাজীপুরে পোশাকশ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। এসব ঘটনার প্রতিবাদ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার দাবিতে বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করে দলটি।
বিক্ষোভ মিছিলটি নগরীর রাজবাড়ী রোডে অবস্থিত গাজীপুর মহানগর বিএনপির কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজবাড়ী সড়কে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও প্রতিবাদী স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। মিছিলজুড়ে শ্রমিক আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মিছিলের নেতৃত্বে থাকা বিএনপি নেতারা অভিযোগ করেন, পোশাকশ্রমিকদের আন্দোলনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের মাধ্যমে একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে তারা দাবি করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, কোনাবাড়ী থানা বিএনপি সাধারণ সম্পাদক বাবুল হোসেন, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভূঁইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন ও মইজ উদ্দিন তালুকদারসহ মহানগর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
 

দৈনিক মুক্তবাণী

Link copied!