রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত এ র্যালিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এ উদ্যোগের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রচেষ্টায় বাউবি পরিবার সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এসএসএইচএল-এর ডিন অধ্যাপক তানভীর আহসান, এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. আবু তালেব এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।
কর্মসূচি শেষে দেশ, জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
