নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পান। এ ছাড়া উপজেলার বড় কালিয়া এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা–কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। বেন্দারচর গ্রামের প্রায় ৫০টি ঘরবাড়ি ও দোকানপাটে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
তবে বিএনপি এসব হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে। কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির নেতাদের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে বলে যে প্রচার চলছে, তা কাল্পনিক।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দলটির দুই নেতাকে পিটিয়ে হত্যা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তারা হলেন উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।
পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের জেরে গতকাল শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নিহত ব্যক্তিদের বিক্ষুব্ধ স্বজন ও অন্য কিছু লোক বেন্দারচর গ্রামে জড়ো হন। তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান। খবর পেয়ে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আজ শনিবার দুপুরে বলেন, বিএনপির নিহত দুই নেতার স্বজন ও সমর্থকেরা ওই গ্রামে গিয়ে তিন থেকে চারটি বাড়িতে ভাঙচুর চালান। এলাকাটি হিন্দু অধ্যুষিত নয়। বিষয়টি যেভাবে প্রচার করা হচ্ছে, বাস্তব ঘটনা তেমন নয়।
কালিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে আগুন লাগে। কেউ ফোন করে তাদের খবর দেননি। প্রতিবন্ধকতা ও নিরাপত্তাহীনতার কারণে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে পারেননি। পরে রাত আটটার দিকে সেখানে গিয়ে অনেক বাড়িতে আগুন দেখতে পান। আগুনের মাত্রা তখন কম থাকলেও তারা কয়েকটি স্থানের আগুন নেভান। কিছু আগুন নিজে থেকেই নিভে যায়।
হুমায়ুন কবিরের ভাষ্য, আনুমানিক ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন ছিল। গ্রামের প্রতিটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকায় ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা আরও বেশি হতে পারে।
এদিকে বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার প্রচার মিথ্যা ও বানোয়াট। সেখানে কোনো হিন্দু বসতি নেই। কোনো হিন্দু পরিবারের ওপর হামলা বা কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেনি বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।
হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে এলাকার হিন্দু সম্প্রদায়ের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে বিএনপি আছে, তাঁরাও বিএনপির সঙ্গে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শতাধিক বাড়িতে হামলার যে প্রচার চলছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তিনি।
