‘আপনারা জনগণকে আন্তরিকতার সঙ্গে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের যথাযথ মর্যাদা দেব।’ মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এ মন্তব্য করেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান।
শনিবার দুপুর ১২টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর ভবনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী পৌরবাসীর জন্য মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাটের পরিচ্ছন্নতা, সুপেয় পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনসহ পৌরসভার প্রতিটি সেবামূলক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো সেবার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি কিংবা দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের মূল লক্ষ্য হতে হবে জনগণের কল্যাণ নিশ্চিত করা। সবাইকে নিয়মনীতি মেনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। যারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে জনগণকে যথাযথ সেবা দেবেন, তাঁদের সম্মান ও মর্যাদা দেওয়া হবে। এ প্রসঙ্গেই তিনি রসিকতার ছলে দুলাভাইয়ের মতো মর্যাদা দেওয়ার কথা উল্লেখ করেন।
পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এতে সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান।
সভায় মেহেন্দিগঞ্জ পৌরসভার গত দুই থেকে তিন অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব, রাজস্ব আদায়, ব্যয় ব্যবস্থাপনা এবং সামগ্রিক আর্থিক কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পৌরবাসীর নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে চলমান ও পরিকল্পনাধীন বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় পৌর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা বিশেষ গুরুত্ব পায়। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সমন্বয়ের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন এবং বিএনপির উপজেলা ও পৌর শাখার নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা পৌরসভার বিদ্যমান সমস্যা, নাগরিক সেবা প্রদানে প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় প্রতিমন্ত্রী পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল, জনবান্ধব ও জবাবদিহিমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
