দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। কোনও অপশক্তি যাতে ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার সুবর্ণচরে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় মোহাম্মদ শাহজাহান আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকতে হবে এবং যেকোনও পরিস্থিতিতে ধৈর্য ও সংযমের পরিচয় দিতে হবে।
সভায় বক্তারা দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় তারা যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা এড়াতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
সভায় সুবর্ণচর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
