রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নোয়াখালীর উপকূলে ৪ দিনেও সূর্যের দেখা নেই, দুর্ভোগে জনজীবন

মোঃ ইয়াছিন হাছান, নোয়াখালী

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৯:৩৯ পিএম

নোয়াখালীর উপকূলে ৪ দিনেও সূর্যের দেখা নেই, দুর্ভোগে জনজীবন

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর উপকূলীয় জনপদ। ছবি : দৈনিক মুক্তবাণী

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে নোয়াখালীর উপকূলীয় জনপদ। গত চার দিন ধরে সূর্যের দেখা মিলছে না। কখনও গুঁড়ি গুঁড়ি, আবার কখনও থেমে থেমে বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বেড়েছে শীতের অনুভূতি। এতে বিপাকে পড়েছেন কৃষক, জেলে, দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত বুধবার রাত থেকে হাতিয়াসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে কৃষিকাজ, মাছ আহরণ, শুঁটকি উৎপাদন ও ইটভাটার কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ দিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় মাছ ধরতে সাগরে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক জেলে মাছ ধরা থেকে বিরত থেকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন। এতে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল জেলে ও শ্রমজীবী মানুষের জীবিকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

হাতিয়ার জঙ্গলিয়া ঘাটের স্থানীয় জেলেরা জানান, সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যাওয়ার সাহস পাচ্ছি না। খারাপ আবহাওয়ায় নৌকা ও জাল নিয়ে বিপদের আশঙ্কা থাকে। কয়েক দিন সাগরে যেতে না পারলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

এ অবস্থায় হাতিয়ার উপকূলীয় এলাকার জেলেদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া সাগরে না যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে গত চার দিন ধরে নোয়াখালীর উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এ বৃষ্টিপাত আগামী আরও দুই দিন অব্যাহত থাকতে পারে। এতে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করার আশঙ্কা রয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আবহাওয়ার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো পরিস্থিতিতে মানুষের জানমালের নিরাপত্তায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।
 

জেএইচ

Link copied!