সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

তুরস্কের আয়দিন ইউনিভার্সিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৪:১৬ পিএম

তুরস্কের আয়দিন ইউনিভার্সিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা

তুরস্কের আয়দিন ইউনিভার্সিটির সঙ্গে প্রিমিয়ার ইউনিভার্সিটির সমঝোতা স্বাক্ষর। ছবি : মুক্তবাণী

তুরস্কের ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেটওয়ার্ক ইউরাস কমিউনিটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের (আইএইউপি) ২০২৬ সালের সেমি-অ্যানুয়াল মিটিংয়ের অংশ হিসেবে এ স্মারক সই হয়।

গত ১৯ থেকে ২১ নভেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আয়োজনে তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, রেক্টর, জ্যেষ্ঠ শিক্ষাবিদ ও উচ্চশিক্ষা-সংশ্লিষ্ট প্রতিনিধিরা এতে অংশ নেন। সম্মেলনে উচ্চশিক্ষার নতুন ধারা, আন্তর্জাতিক অংশীদারত্ব, গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ নিয়ে আলোচনা হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব করেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। সম্মেলনে তিনি বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে উচ্চশিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

ইস্তাম্বুল আয়দিন ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক এস. এম. নছরুল কদির এবং আয়দিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক ড. মুস্তফা আয়দিন। এ সমঝোতার আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, যৌথ গবেষণা, যৌথ একাডেমিক কর্মসূচি, সম্মেলন, সেমিনারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হবে।

এ ছাড়া ইউরাস কমিউনিটির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্কে অংশগ্রহণ, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

এ দুটি সমঝোতা স্মারককে প্রিমিয়ার ইউনিভার্সিটির আন্তর্জাতিকীকরণ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এর ফলে একাডেমিক কার্যক্রম, গবেষণা, উদ্ভাবন ও আন্তসাংস্কৃতিক যোগাযোগের সুযোগ বাড়বে এবং শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকরা আন্তর্জাতিক পর্যায়ে নতুন অভিজ্ঞতা ও কাজের ক্ষেত্র পাবেন। বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তর এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।
 

জেএইচ

Link copied!