বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
টিয়ারশেল, সাউন্ডগ্রেনেড নিক্ষেপ

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, দুইজন আহত

টঙ্গী (গাজীপুর )প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১০:১৬ পিএম

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, দুইজন আহত

টঙ্গীতে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ। ছবি : দৈনিক মুক্তবাণী

মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাকশ্রমিকরা। বুধবার সকালে সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া ১০তলা এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেন।এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের প্রায় তিন ঘন্টাপর দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা বাসস্ট্যান্ড ও এশিয়া পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং সাতাইশ এলাকায় গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক অবরোধে করে। পরে পুলিশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় এলাকার প্রায় অর্ধশতাধিক পোশাক কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দুপুর সাতাইশ এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে টঙ্গী পশ্চিম থানা যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বিএনপি নেতা হারুন অর রশিদ (৪৫) ও পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য নাজিম উদ্দিন (৪৩) ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার সকাল ১০টার দিকে বাগানবাড়ির তুসুকা, মাসকো, মন্ডল গার্মেন্টস, সাতাইশ এলাকার চায়না ও ভিয়েলাটেক্স এবং খাঁপাড়া ১০তলা এলাকার সিজন ড্রেসেস কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরা-গুটিয়া আঞ্চলিক সড়ক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এবং এশিয়া পেট্রােলপাম্প এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ এবং ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে তাড়িয়ে দেয়।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক জানান, দুপুরে সাতাইশ এলাকায় পোশাকশ্রমিকের দদ্মাবরণে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ইটপাটকেল নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের দুইজন নেতাকর্মী আহত হয়েছেন।তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সকাল থেকে সাতাইশ, বাগানবাড়ি ও খাঁপাড়া এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। মহাসড়ক অবরোধকালে তাদেরকে টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড চার্জ (নিক্ষেপ) করে সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ মাঠে রয়েছে। 

দৈনিক মুক্তবাণী

Link copied!