বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাঁশখালীতে ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ১১:৩৪ এএম

বাঁশখালীতে ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেফতার

ছবি : দৈনিক মুক্তবাণী

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ মামলার আসামি ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মানিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, বিগত চব্বিশের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন সময়ে বাঁশখালী থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে মশাল মিছিলের আয়োজন করে। এছাড়া সড়কে যানবাহন ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তারা জড়িত ছিল। এসব কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেফতারের লক্ষ্যে থানা এলাকায় ব্যাপক পুলিশি অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টার দিকে বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী বলী বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ছনুয়া ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন মানিক (৩২), পিতা- সুফি আলম, সাং- খুদুকখালী, কমর আলী মাঝির পাড়া, ৭নং ওয়ার্ড, ছনুয়া ইউনিয়ন, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জয়নাল আবেদিন মানিকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ২টিসহ সর্বমোট ৭টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২৫ নভেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছনুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ৭ মামলার আসামি জয়নাল আবেদীন মানিককে গ্রেফতার করা হয়েছে।
বাঁশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

জেএইচ

Link copied!