মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ঈদগাঁওতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৬

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ১০:১২ পিএম

ঈদগাঁওতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, হতাহত ৬

ছবি : দৈনিক মুক্তবাণী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে ভয়াবহ ও মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন জনের প্রাণহানি ও অপর তিনজন আহত হয়েছেন। ২৪ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মহাসড়কের ইসলামাবাদের আউলিয়াবাদ এলাকা থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো- ব -১১-৯৯৭৫) থানা সংলগ্ন স্থানে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার (কক্সবাজার-খ- ১১-১৯২০) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি বাসের নিচে ঢুকে পড়লে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে সিএনজির তিন যাত্রী নিহত ও অপর তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় সনাক্ত করা গেছে। তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন।নিহতরা হলেন পটিয়া আল- জামেয়া আল- ইসলামিয়ার দাওরা বিভাগের ছাত্র মু, সাইফুল ইসলাম। তিনি দ্বারে জাদীদ ছাত্রাবাসের ৩০৫ নম্বর রুমের ৪ নম্বর সিটের নিবাসী। তার গ্রামের বাড়ি পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ডুলহাজরা ইউনিয়নের ফকিরা খোলা গ্রামে। তার পিতার নাম মু, ছাবের।
অপরজন হচ্ছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নলবনিয়া গ্রামের সাহাব উদ্দিন (৪০)।
খবর পেয়ে রামু থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহত ও আহতদের উদ্ধার করেন। 
অন্যদিকে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আবেশ দূর্ঘটনা স্থলে এসে তিনজনের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি তাদের হেফাজতে নেন। দুর্ঘটনার কারণে উক্ত এলাকায় ব্যাপক মানুষের সমাগম ও যানজটের সৃষ্টি হয়। স্থানীয় থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেছে।

জেএইচ

Link copied!