মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে গৃহবন্দি রাখার জন্য নিজ বাড়িতে স্থানান্তরের অনুমতি দিয়ে আদেশ জারি করেছেন আদালত। তার আইনজীবীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী নাজিবের নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধের কথা জানায় তার রাজনৈতিক দল।
২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজিব রাজাক।
রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি-সংশ্লিষ্ট কয়েক শ কোটি ডলার আত্মসাতের ঘটনায় দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। ক্ষমতায় থাকাকালে নিজেই তহবিলটি প্রতিষ্ঠা করেছিলেন নাজিব।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন তিনি।
নাজিবের আইনজীবী ফারহান শাফি সাংবাদিকদের বলেন, ‘আমরা আদালতের সেই আদেশ পেয়েছি।
এখনই সেটি কাজাং কারাগারে পৌঁছে দেব।’ ২০২২ সাল থেকে এই কারাগারেই বন্দী রয়েছেন নাজিব।
আইনজীবী আরও জানান, প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী এগোলে ৭৩ বছর বয়সী নাজিব শুক্রবারই নিজ বাড়িতে ফিরতে পারবেন।
গত সেপ্টেম্বরে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম নাজিবকে সাজার বাকি মেয়াদ গৃহবন্দী অবস্থায় কাটানোর অনুমতি দেন। এটি ছিল তার সাজা মওকুফের বিষয়ে দ্বিতীয় রাজকীয় ক্ষমা।
নাজিবের জরিমানা পরিশোধে গণচাঁদা
রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী, নাজিবকে পাঁচ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় এক কোটি ২৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার) জরিমানা দিতে হতো। তার দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) জানিয়েছে, নাজিবের পক্ষে গণচাঁদা সংগ্রহ করে জরিমানার অর্থ পরিশোধ করা হয়েছে।
