চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতাদের নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক বিশ্ব কূটনীতিতে নতুন শক্তির ভারসাম্য তৈরির সম্ভাবনা সামনে এনেছে। তবে বৈঠকটি বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার সূচনা করেছে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।
গত বৃহস্পতিবার চীনের শেনজেনে প্রায় ৯০ মিনিটের বৈঠকে বসেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের তিন বৃহৎ পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের এই প্রথম ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক ঝুঁকি কমানো, জাতিসংঘের সংস্কার, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তিসহ চারটি বিষয়ে যৌথ ঘোষণা দেয়া হয়। তবে ইউক্রেন যুদ্ধ কিংবা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে ঘোষণায় কোনো উল্লেখ ছিল না।
বিশ্ব কূটনীতিতে চীনের প্রভাব বাড়ার ইঙ্গিত
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগের সুযোগ তৈরি করে দিয়ে চীন নিজের কূটনৈতিক প্রভাবের সক্ষমতা তুলে ধরেছে। থিংক ট্যাংক ফরেন পলিসি ইন ফোকাসের জ্যেষ্ঠ গবেষক জিয়ানলু বি বলেন, একই সময়ে ওয়াশিংটন ও মস্কোর সঙ্গে কার্যকর উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা একমাত্র বড় শক্তি হিসেবে চীনের অবস্থান এই বৈঠকে স্পষ্ট হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক প্রভাব, চীনের উৎপাদন ও সরবরাহব্যবস্থার সক্ষমতা এবং রাশিয়ার ভূরাজনৈতিক ও জ্বালানি প্রভাব—এই তিনের সমন্বয়ে অসম বহুমেরুকেন্দ্রিক ব্যবস্থা তৈরি হচ্ছে। এ ব্যবস্থায় চীন প্রচলিত অর্থে কোনো জোটের নেতা না হয়ে বিভিন্ন শক্তির মধ্যে স্থিতিশীলতা রক্ষাকারী ভূমিকা পালন করছে।
বহুমেরুকেন্দ্রিক বিশ্ব আছে, তবে নিয়মভিত্তিক ব্যবস্থা নেই
রুশ রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক আইনপ্রণেতা সের্গেই মার্কভের মতে, পশ্চিমা আধিপত্যের জায়গায় ইতিমধ্যে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা তৈরি হয়েছে। তার ভাষায়, ‘সমস্যা হলো, বহুমেরুকেন্দ্রিক বিশ্ব আছে, কিন্তু বহুমেরুকেন্দ্রিক কোনো ব্যবস্থা নেই।’ তিনি মনে করেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ক্রমেই সংকটের মুখে পড়ছে। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ রাশিয়া বিশ্লেষক ওলেগ ইগনাতভের মতে, পুরোনো নিয়মগুলো আর ঠিকভাবে কাজ করছে না, অথচ নতুন নিয়ম নিয়েও এখনো ঐকমত্য তৈরি হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ আলী ওয়াইন বহুমেরুকেন্দ্রিক বিশ্বের ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ও চীনই দীর্ঘ মেয়াদে বিশ্বের প্রধান দুই শক্তি হিসেবে থাকবে।
‘ইয়াল্টা ২.০’ নিয়ে উদ্বেগ
শেনজেন বৈঠকে ইউরোপ বা ইউক্রেনের কোনো প্রতিনিধি না থাকায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার বার্লিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ৩৪ দেশের ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস শেনজেনের বৈঠককে ‘ফটো অপ’ বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে বলেন, ‘ইয়াল্টা ফরম্যাট ইউরোপে শান্তি আনবে না।’ ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা করেছিলেন। তবে আলী ওয়াইনের মতে, বর্তমান বৈঠককে ‘ইয়াল্টা ২.০’ বলার তুলনা যথাযথ নয়। কারণ, তখনকার মতো বিশ্বযুদ্ধের পরিস্থিতি নেই এবং বর্তমান তিন নেতা ১৯৪০-এর দশকের মিত্রশক্তির নেতাদের মতো আন্তর্জাতিক শর্ত নির্ধারণের ক্ষমতাও রাখেন না। তবে ট্রাম্প ইউরোপ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মিত্রদের স্বার্থ উপেক্ষা করে চীন ও রাশিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক ‘জি-থ্রি’ জোট গড়ে তুলতে পারেন—এমন আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
শেনজেন বৈঠকের পর কী হতে পারে?
চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, এই বৈঠকে বপন করা বীজ একদিন ফুলে-ফলে সমৃদ্ধ হবে। পুতিন আলোচনাকে ‘খোলামেলা’ ও ‘খুবই কার্যকর’ বলে বর্ণনা করেছেন। আর ট্রাম্প এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে বৈঠককে ১০-এর মধ্যে ১২ নম্বর দিয়েছেন। তবে যৌথ ঘোষণাকে বাস্তব চুক্তিতে রূপ দেয়ার সক্ষমতার ওপরই ভবিষ্যতে এই ত্রিপক্ষীয় উদ্যোগের স্থায়িত্ব নির্ভর করবে। বিশ্লেষক আলী ওয়াইনের মতে, এই বৈঠক থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার নতুন পর্ব কিংবা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে উল্লেখযোগ্য সহযোগিতা আসার সম্ভাবনা কম। অন্যদিকে জিয়ানলু বি মনে করেন, জ্বালানি সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি তিন দেশেরই স্বার্থ পূরণ করতে পারে। এতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা, রাশিয়ার জ্বালানি আয় অব্যাহত রাখা এবং চীনের জন্য কম দামে জ্বালানি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
লেখক: বেরিল জানাকচি, আনাদোলু এজেন্সি
