গণিতের ইতিহাসে অন্যতম বিখ্যাত অমীমাংসিত সমস্যা রিমান হাইপোথিসিসের প্রমাণ খুঁজে পাওয়ার দাবি করেছেন অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের সহায়তায় ১৬৭ বছর ধরে অমীমাংসিত এই সমস্যার সমাধান বের করেছেন তিনি। এ বিষয়ে নিজের ওয়েবসাইটে চার পৃষ্ঠার একটি বিবৃতি প্রকাশ করেছেন আলপোগে।
বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, ক্লডের সঙ্গে কাজ করে রিমান হাইপোথিসিসের একটি প্রমাণ আবিষ্কার করেছি।’
জার্মান গণিতবিদ বার্নহার্ড রিম্যান ১৮৫৯ সালে প্রথম এই অনুমানটি তুলে ধরেন। এরপর থেকে এটি গণিতের সবচেয়ে আলোচিত অমীমাংসিত সমস্যাগুলোর একটিতে পরিণত হয়েছে।
রিমান হাইপোথিসিস কী?
মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা, যেগুলো কেবল ১ এবং নিজেদের দিয়ে নিঃশেষে বিভাজ্য। যেমন, ২, ৩, ৫, ৭ ও ১১। সংখ্যারেখায় এগুলোর উপস্থিতি আপাতদৃষ্টিতে অনিয়মিত মনে হলেও গণিতবিদদের ধারণা, মৌলিক সংখ্যার বণ্টনের পেছনে একটি গভীর গাণিতিক বিন্যাস রয়েছে।
রিমান হাইপোথিসিস মূলত সেই বিন্যাসকে অত্যন্ত সূক্ষ্মভাবে ব্যাখ্যা ও অনুমান করার একটি গাণিতিক কাঠামো দেয়। এটি প্রমাণিত হলে মৌলিক সংখ্যাগুলো কতটা নিয়মিত বা অনিয়মিতভাবে ছড়িয়ে আছে, তা আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে। একই সঙ্গে এই অনুমানের ওপর নির্ভরশীল গণিতের বহু তত্ত্বের ভিত্তিও আরও শক্তিশালী হবে।
সমস্যাটি ‘মিলেনিয়াম প্রাইজ প্রবলেমস’-এর সাতটির একটি। নির্ধারিত মানদণ্ড পূরণ করে এর সমাধান দিতে পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার পাওয়ার সুযোগ রয়েছে।
সমাধানে যেভাবে সহায়তা করেছে ক্লড
আলপোগে জানিয়েছেন, সমস্যাটি সমাধানের প্রস্তুতি নিতে তিনি কয়েক বছর ধরে কাজ করেছেন। গত কয়েক মাসে ক্লডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেছেন তিনি। তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিক গাণিতিক পদ্ধতির দিকে পরিচালিত করেছিলেন। তবে শেষ পর্যায়ে ক্লড এমন অগ্রগতি দেখিয়েছে, যা তাকে বিস্মিত করেছে।
নিজের দক্ষতার বাইরেও ক্লডের অবদানের কথা উল্লেখ করেছেন এই গণিতবিদ। তিনি বলেন, ‘ যেন ক্লড উড়ছিল এবং শেষ সীমার কাছাকাছি গিয়ে ঝলমল করে উঠল।’
আলপোগে বলেন, ‘আমি আমাদের এমন একটি পরিস্থিতির দিকে পরিচালিত করেছিলাম, যা ওই সরল উদাহরণের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এরপর ক্লড আমাকে বিস্মিত করতে শুরু করে।’
প্রমাণের সত্যতা কি যাচাই হয়েছে?
আলপোগের দাবি, তিনি ‘লিন’ নামের একটি কম্পিউটার ভাষা ব্যবহার করে প্রমাণটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন। লিন এমন একটি ব্যবস্থা, যার মাধ্যমে গাণিতিক প্রমাণের প্রতিটি ধাপ যাচাই করা যায়। এতে যুক্তির ধারাবাহিকতা ও নির্ভুলতা পরীক্ষা করা সম্ভব।
তিনি আনুষ্ঠানিক প্রমাণের উপকরণ প্রকাশ করেছেন। তবে এখনো এর পূর্ণাঙ্গ ও প্রচলিত গাণিতিক গবেষণাপত্র প্রকাশিত হয়নি। আলপোগে নিজেও স্বীকার করেছেন, প্রমাণটির যুক্তি অত্যন্ত দীর্ঘ। এটি আরও সংক্ষিপ্ত ও সহজবোধ্য করার চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, ‘এই মুহূর্তে যুক্তিগুলো অবিশ্বাস্য রকম দীর্ঘ। আমি সেগুলো বুঝতে, অন্যদের বোঝাতে, এ নিয়ে কথা বলতে এবং যথাযথভাবে লিখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
আলপোগের দাবি, তার ব্যবহৃত পদ্ধতি আরও বিস্তৃত ‘জেনারালাইজড রিমান হাইপোথিসিস’-এর ক্ষেত্রেও প্রয়োগ করা সম্ভব।
স্বাধীন গবেষকদের প্রাথমিক যাচাইয়ে প্রকাশিত ফাইলগুলো আলপোগের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে। পাশাপাশি, মূল উপপাদ্যগুলো লিনের প্রচলিত গাণিতিক সংজ্ঞার সঙ্গে যথাযথভাবে সম্পর্কিত কি না, সেটিও প্রাথমিকভাবে পরীক্ষা করা হয়েছে। তবে প্রমাণের প্রতিটি ধাপ ধরে পূর্ণাঙ্গ যাচাই এখনো চলছে।
সূত্র : নিউইয়র্ক টাইমস
