রাজধানীর পল্লবীতে বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। আর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার সকাল ৯টার দিকে মিরপুরের পূরবী সিনেমা হলের গলিতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। এ সময় পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। এ নিয়ে শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
সেখানে উপস্থিত এক নারী শ্রমিক বলেন, “আমরা নিজেদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছি। কিন্তু কোনো গণমাধ্যম আমাদের সাক্ষাৎকার নেয় না।
“গতকাল শ্রমিকদের পুলিশ পিটিয়েছে। অথচ খবর প্রচার হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার, যান চলাচল স্বাভাবিক।”
তিনি বলেন, “আমরা পরিচয়পত্র গলায় ঝুলিয়ে আন্দোলন করি। আমরা শ্রমিক, আমাদের কাছে লাইটার আসবে কোথা থেকে? গাড়িতে যারা আগুন দিয়েছে, তারা বাইরের মানুষ।”
এক দল শ্রমিকের অভিযোগ, নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে তারা কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সঙ্গে কথা বলতে এসেছিলেন। এ সময় পুলিশ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে সেখান থেকে সরিয়ে দেয়।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন।
তিনি বলেন, “শ্রমিকরা আসছেন। আমি নিজে পুলিশ ফোর্সসহ উপস্থিত আছি। এমন কোনো ঘটনা নেই।”
এদিকে সকাল থেকেই মিরপুর-১০ নম্বর গোলচত্বরে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তবে সেখানে কোনো শ্রমিককে অবস্থান করতে দেখা যায়নি। ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
