বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রে এসআইয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১১:০৯ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রে এসআইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পে নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম (৫২) নামের এক উপপরিদর্শক (এসআই)।

বুধবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটের দিকে ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম সশস্ত্র উপপরিদর্শক হিসেবে আশুগঞ্জ সার কারখানার নিরাপত্তার দায়িত্বে ঐ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাবার নাম মৃত আলী আকবর তালুকদার। তার বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু কাওসার জানান, সার কারখানার নিরাপত্তার দায়িত্বে ক্যাম্পে ১০ থেকে ১২ জনের একটি দল কাজ করে। তাদের একজন এসআই জাহাঙ্গীর আলম। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের ইস্যুকৃত অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম বলেন, ‘সকালে এসআই জাহাঙ্গীর আলম নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে আত্মহত্যা করেছেন।’

এম/আই

Link copied!