বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১১:২৪ এএম

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হলেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের দুই কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। আজ বুধবার (৪ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকার নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালনরত সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। একই আদেশেনিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) মামুনুর রশিদকে বরিশাল শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়।

এদিকে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে এ খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ড প্রথম সভা করতে যাচ্ছে। আজ বুধবার বেলা ১১টায় সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এম/আই

Link copied!