বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

ঢাকা-আরিচা মহাসড়ক রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষে আহত বহু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৬, ১১:৪০ এএম

ঢাকা-আরিচা মহাসড়ক রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষে আহত বহু

ন্যূনতম ৩০ হাজার মজুরি বৃদ্ধির দাবিতে আজও উত্তাল হয়ে উঠেছে সাভারের পোশাক কারখানাগুলো। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটনায় অনেকে আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৪ নভেম্বর) সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। শ্রমিকরা আশপাশের গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সাভারের উলাইলে আল-মুসলিম কারখানার সামনেও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। সেখানেও পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আত্মরক্ষার্থে এবং মহাসড়ক সচল করতে পুলিশ পাল্টা টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় মহাসড়কে প্রায় এক ঘণ্টা সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।

উভয় স্থানে চলা এ দফায় দফায় সংঘর্ষে পুলিশসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালনকালে শ্রমিকদের হামলার শিকার হন ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি রায়হান বিন আমিন ও তার ক্যামেরার পার্সন উজ্জ্বল হোসেন এবং স্টার নিউজের সাভার প্রতিনিধি সোহান সিরাজি। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের পদক্ষেপের পর বর্তমানে উলাইল ও হেমায়েতপুর উভয় স্থান থেকেই শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে ও মহাসড়কে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে পুরো সাভারজুড়ে এখনো চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, বিজিবি ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, নাশকতা এড়াতে ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এম/আই

Link copied!