সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

আজকে প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৬, ০১:২৯ পিএম

আজকে প্রকাশিত পত্রিকার প্রধান প্রধান শিরোনাম

‍‍`রাজধানী জুড়ে বোমার ছক‍‍`


মানবজমিন পত্রিকার সংবাদ-রাজধানী জুড়ে বোমার ছক

রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। সন্ধ্যার পর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের পাশাপাশি গতকাল থানার আঙিনা ও সিআইডি পুলিশের গ্যারেজের পাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ভাটারায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে জনতা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ঘোষিত দেশব্যাপী ধর্মঘটকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে।

এসব ঘটনায় দুর্বৃত্তদের প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল। হেলমেট পরে এসে সিসি ক্যামেরার আওতার বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে তারা। পরিকল্পিতভাবে কেউ মোটরসাইকেল চালাচ্ছে, কেউ ককটেল ছুড়ছে, আবার কেউ দূর থেকে ঘটনার ভিডিও ধারণ করছে। এসব ভিডিও হোয়াটসঅ্যাপ গ্রুপ ও নির্দেশদাতাদের কাছে পাঠানোর বিনিময়ে অর্থ পাওয়ার তথ্যও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, আগে থেকেই বিভিন্ন স্থানে রেকি করে বাস শনাক্ত করা হয়। পরে এক পক্ষ ককটেল নিক্ষেপ করে এবং অন্য পক্ষ গিয়ে বাসে আগুন দেয়। এসব নাশকতার পরিকল্পনা বিদেশ থেকে করা হচ্ছে এবং সেখান থেকে অর্থ পাঠানো হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দেশের ভেতরে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা নির্দেশনা বাস্তবায়ন করছে বলেও তাদের দাবি।

নয়া দিগন্ত পত্রিকার খবর - সপ্তাহে ফিরছে ৫০০ বাংলাদেশী

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তাসংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে বিদেশি কর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এর প্রভাবে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ বাংলাদেশিকে বিভিন্ন প্রক্রিয়ায় দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে বিভিন্ন সূত্রের দাবি।

তবে সৌদি সরকারের প্রকাশিত তথ্যে বহিষ্কৃতদের জাতীয়তাভিত্তিক হিসাব না থাকায় এ সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশজুড়ে ১১ হাজার ৫৮৭টি আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৪১ হাজার ১০৬ জন বিদেশির বিরুদ্ধে আইন প্রয়োগের প্রক্রিয়া চলছিল এবং ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে বহিষ্কৃতদের সবাই বাংলাদেশি নন।

দ্য ডেইলি স্টার পত্রিকার খবর - Bangladeshi women in Saudi Arabia: Back home dead or scarred, অর্থাৎ সৌদি আরবে বাংলাদেশি নারী: কেউ ফিরছেন লাশ হয়ে, কেউ নির্যাতনের ক্ষত নিয়ে

ঋণের বোঝা কমানো এবং সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ২০২২ সালের মে মাসে সৌদি আরবে গৃহকর্মীর কাজ নিয়ে যান সাভারের নরগিস বেগম। কিন্তু সেখানে গিয়ে পর্যাপ্ত খাবার ও চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেন তিনি। কাজের সময় অপুষ্টিতে দুর্বল হয়ে সিঁড়ি থেকে পড়ে পিঠে আঘাত পান। একপর্যায়ে নিয়োগকর্তার চুরির অভিযোগে এক দিন এক রাত আটকও থাকতে হয় তাঁকে। পরে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ২০২৩ সালের অক্টোবরে দেশে ফেরেন নরগিস। ব্র্যাকের চিকিৎসা ও ৮০ হাজার টাকার পুনর্বাসন সহায়তায় একটি মুদি দোকান চালু করেন তিনি।

নরগিসের অভিজ্ঞতা বিদেশে, বিশেষ করে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী গৃহকর্মীদের নিরাপত্তা ও নির্যাতনের দীর্ঘদিনের উদ্বেগকে সামনে এনেছে। তাঁদের ওপর নির্যাতন এবং প্রবাসে নারী শ্রমিকদের মৃত্যুর কারণ নিয়েও প্রশ্ন রয়েছে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) ২০২৩ সালের এক গবেষণায় দেখা গেছে, ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিভিন্ন শ্রমিক গ্রহণকারী দেশ থেকে ৭০৫ জন বাংলাদেশি নারী অভিবাসী শ্রমিকের মরদেহ দেশে পাঠানো হয়েছে।

দেশ রূপান্তর পত্রিকার খবর- গহীন পাহাড়ে জিম্মি বেচাকেনার হাট

কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়গুলোতে একাধিক সশস্ত্র অপরাধী চক্রের অপহরণ, জিম্মি বাণিজ্য, মুক্তিপণ আদায় ও মানব পাচারের তৎপরতা বেড়েছে। দীর্ঘদিন ধরে পাহাড়কে নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করে এসব অপরাধ চালিয়ে আসছে চক্রগুলো।

গত বৃহস্পতিবার যৌথ বাহিনীর অভিযানে তাদের বন্দিশালা থেকে ৫৬ জন জিম্মিকে উদ্ধারের পর পাহাড়ের এই অপরাধজগতের ভয়াবহ চিত্র সামনে এসেছে।

অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যৌথ বাহিনী। তবে এর দুই দিনের মাথায় গত শনিবার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্র মোহাম্মদ রিহানকে অপহরণ করে ডাকাতদল।

সে স্থানীয় কৃষক জমিল হোছেনের ছেলে এবং বড়খিল নূরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অনুসন্ধানে এসব অপরাধী চক্রের সঙ্গে মো. আলম, হাসান, নুর আলম, জাবু ডাকাত, বদরুদ্দীন ওরফে বদরুজ বাহিনীসহ একাধিক সশস্ত্র গোষ্ঠীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

বণিক বার্তা পত্রিকার খবর - প্রযুক্তি ও মজুরির টানে বাড়ছে পুরুষ, কমেছে নারী শ্রমিক

সরকারি পরিসংখ্যান ও বিভিন্ন জরিপে দেশের তৈরি পোশাকশিল্পে নারী শ্রমিকের কর্মসংস্থান কমে আসার চিত্র উঠে এসেছে। আশির দশকে এ শিল্পের মোট শ্রমশক্তির প্রায় ৮০ শতাংশ ছিলেন নারী।

তবে উৎপাদনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন এবং মজুরি ও আর্থিক সুবিধার কারণে ধীরে ধীরে এ খাতে পুরুষ শ্রমিকের অংশগ্রহণ বাড়ছে, বিপরীতে কমছে নারীর অংশগ্রহণ।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, ১৯৮০ সালে পোশাকশিল্পে নারী শ্রমিকের হার ছিল প্রায় ৮০ শতাংশ। ১৯৯৫ সালে তা কমে ৭৬ শতাংশ এবং ২০০৫ সালে ৭০ শতাংশে দাঁড়ায়। ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, ২০১০ সালে এ হার আরও কমে ৬৩ দশমিক ৪ শতাংশে নেমে আসে।

টাইমস অফ বাংলাদেশের খবর - Amir Hamza vanishes! অর্থাৎ আমির হামজার খোঁজ মিলছে না!

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার কথিত একটি অডিও রেকর্ডিং ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকে তাঁকে নিজ নির্বাচনী এলাকায় প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সাংবাদিকদের ফোনও ধরছেন না তিনি। এমনকি তাঁর বাড়ির কেউও অবস্থান সম্পর্কে কোনো তথ্য দিচ্ছেন না।

স্থানীয়দের দাবি, গত ৩১ অক্টোবর কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশের পর থেকে জনসমক্ষে দেখা যায়নি জামায়াতের এই নেতাকে।

গত ৫ নভেম্বর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান ফেসবুক পোস্টে দাবি করেন, আমির হামজাকে ঘিরে নারী ও তাঁর সংশ্লিষ্ট কিছু ভিডিও এবং অডিও তিনি পেয়েছেন। সেগুলো যাচাই করে তথ্যের সত্যতা পেয়েছেন বলেও দাবি করেন তিনি।

পোস্টের মন্তব্যে একটি অডিও রেকর্ডিংয়ের লিংক যুক্ত করে আমির হামজার বিরুদ্ধে জামায়াত কী ব্যবস্থা নেয়, তা দেখার কথা লেখেন রাশেদ খান।

নিউ এইজ পত্রিকার খবর - Crude bombs hurled at police stations, buses set ablaze অর্থাৎ পুলিশ স্টেশন লক্ষ্য করে বোমা হামলা, আগুন দেওয়া হয়েছে বাসে

রাজধানী ও আশপাশের এলাকায় রোববার একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ এবং তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, রাত ১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ১২টি ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ফ্লাইওভার থেকে পল্লবী থানার ভেতরে একটি ককটেল নিক্ষেপ করে।

এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত সাতটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, উপাচার্যের চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, টিএসসি, সিনেট ভবন ও উপাচার্যের কার্যালয়ের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রথম আলো পত্রিকার খবর - বিলিয়ন ডলার ক্লাবে ৯ শিল্প গ্রুপ

২০২৫-২৬ অর্থবছরে জ্বালানি সংকট ও রপ্তানি প্রবৃদ্ধি না থাকলেও আমদানি-রপ্তানি বাণিজ্যে ১০০ কোটি ডলারের বেশি লেনদেন করেছে দেশের নয়টি শিল্প গ্রুপ। আগের অর্থবছরে এ সংখ্যা ছিল আটটি।

নয়টি গ্রুপ হলো মেঘনা গ্রুপ, প্রাণ-আরএফএল, ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের, স্কয়ার, বিএসআরএম, টি কে, খায়ের কাশেম ও হা-মীম গ্রুপ।

আগের বছর এই তালিকায় থাকা সিটি গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্য এক বছরে ৪১ শতাংশ কমে যাওয়ায় তারা বিলিয়ন ডলারের সীমার নিচে নেমে গেছে।

অন্যদিকে নতুন কারখানা অধিগ্রহণের মাধ্যমে প্রথমবারের মতো এই তালিকায় জায়গা করে নিয়েছে খায়ের কাশেম গ্রুপ। রপ্তানি সাফল্যে নতুন সদস্য হয়েছে হা-মীম গ্রুপ। বাকি সাতটি শিল্প গ্রুপ আগের বছরের মতোই বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক বাণিজ্য ধরে রেখেছে।

সমকাল পত্রিকার খবর - কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক

কৃষিঋণ মওকুফের সরকারি সিদ্ধান্তকে কাজে লাগিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিরুদ্ধে ঋণের হিসাব নিয়ে অনিয়ম এবং সরকারের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নিয়ম লঙ্ঘন করে ১০ হাজার টাকার কৃষিঋণ সুদে-আসলে এক থেকে দেড় লাখ টাকায় উন্নীত করা হয়েছে। পরে সেই ঋণ ২০ হাজার টাকায় নামিয়ে মওকুফের জন্য সরকারের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। অথচ নিয়ম অনুযায়ী, ব্যাংকের আয় খাতে দেখানো সুদ রাষ্ট্রীয় ব্যাংক মওকুফ করতে পারে না।

সমকালের অনুসন্ধানে দেখা গেছে, এ অনিয়ম কয়েকটি শাখার মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যাংকের পর্ষদ, প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় ও শাখা পর্যায়ে প্রাতিষ্ঠানিকভাবে ঘটেছে। এতে পুরোনো ও কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্বহীন ঋণও মওকুফের আওতায় এসেছে। ফলে অনিয়মে জড়িত কর্মকর্তাদের দায় এড়ানোর সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।

তবে কৃষি ব্যাংকের দাবি, বাংলাদেশ ব্যাংকের ১৯৯৩ সালের নির্দেশনা মেনেই সুদ হিসাব ও মওকুফ করা হয়েছে। ঋণ দ্বিগুণ হওয়ার পর নতুন করে সুদ আরোপ করা হয়নি বলেও জানিয়েছে ব্যাংকটি।

যুগান্তর পত্রিকার খবর - সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৩০০ পরিবার নিশ্চিহ্ন

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনা ক্রমাগত বাড়ছে। দেশে ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ও বাস দুর্ঘটনা সম্পর্কিত রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে। রোববার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেশের ৯টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও সংস্থার নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়।

এতে বলা হয়, একই পরিবারের একাধিক সদস্য নিহত হয়েছে-এমন ঘটনার মধ্যে অটোরিকশা দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি। ৫২৫টি অটোরিকশা দুর্ঘটনায় এক হাজার ৭২৮ জন নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের দু‍‍`জন নিহত হয়েছে-এমন ঘটনা ২১১টি।

এক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছে-এমন ঘটনা ১৩টি।

কালের কণ্ঠ পত্রিকার খবর - দুই মাসে নিত্যপণ্যের দাম ৭.৫২ শতাংশ বেড়েছে

দেশে নিত্যপ্রয়োজনীয় ১৫ ধরনের পণ্যের দাম অক্টোবরে গড়ে ৪.৩৯ শতাংশ বেড়েছে। সেপ্টেম্বরে ৩.১৩ শতাংশ বৃদ্ধির পর দুই মাসে সম্মিলিত মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৫২ শতাংশ। কনজিউমারস ফোরামের (সিএফ) বাজার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অক্টোবরে সবচেয়ে বেশি ১১.৭২ শতাংশ বেড়েছে মাছের দাম। এ ছাড়া মসলা ১০.৩০, পেঁয়াজ-রসুন-আদা ৭.৭৯, জ্বালানি তেল ৬.০২ এবং চিনি ৪.৯৩ শতাংশ বেড়েছে। অন্যদিকে শাকসবজির দাম ৩.১২ শতাংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শীতকালীন সবজি বাজারে আসায় কৃষক পর্যায়ে দাম কমলেও ঢাকার বাজারে তার প্রতিফলন নেই। বগুড়া ও রংপুরে একটি ফুলকপি ৬ থেকে ১২ টাকায় বিক্রি হলেও ঢাকায় দাম ৫০ টাকা। একইভাবে অন্যান্য সবজির ক্ষেত্রেও উৎপাদন ও ভোক্তা পর্যায়ে বড় দামের ব্যবধান রয়েছে। সিএফের মতে, মূল্যস্ফীতির চাপ কমাতে শুধু বেতন-ভাতা বাড়ানো যথেষ্ট নয়; বাড়িভাড়া, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ এবং অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
 

জেএইচ

Link copied!