খাগড়াছড়ির পানছড়ির প্রত্যন্ত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের জগপাড়ায় ছোট তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মসূচিতে দুই শতাধিক দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
একই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচির চিকিৎসাসেবা ও সামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।
এ সময় খাগড়াছড়ি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান, সদর সেনা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তানজিম ইসলাম অর্ণবসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, প্রত্যন্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পাওয়ায় অসহায় মানুষ উপকৃত হয়েছেন। পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলায় আগ্রহ আরও বাড়বে।
