গাজীপুরের টঙ্গীর শিলমুন দক্ষিণপাড়া এলাকায় চুরি করার অভিযোগে দুই ভাই সাকিব (৩১) ও রাকিবকে (২২) আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধম পিটুনি দিয়ে পূর্ব থানা পুলিশে সোর্পদ করা হয়। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকালে।
পুলিশ তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে রাকিবের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত দুইভাই সাকিব ও রাকিব গাজীপুরের পূবাইল আড়াইবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সাথে বসবাস করতেন। খবর পেয়ে তাদের বাবা আলমগীর হোসেন ও মা সাবিনা আক্তার ঘটনাস্থলে ছুটে এসে ছেলেদের বাঁচাতে কান্নাকাটি শুরু করেন।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোররাত পাঁচটায় দুই ভাই সাকিব ও রাকিব একটি অটোরিকশা নিয়ে একভাই চালক এবং অপরভাই যাত্রী সেজে টঙ্গী শিলমুন দক্ষিণপাড়া এলাকার জামাল উদ্দিনের বাড়ির তিনতলা থেকে এসএস পাইপ নামাতে শুরু করে। এসময় স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে এগিয়ে আসেন এবং হাতনাতে তাদেরকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদেরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এলাকাবাসী আরও জানায় চোর রাকিব স্থানীয় বাসিন্দাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। তারা বলেন চোর রাকিব এ বলে হুমকি দেয়, `এবার দুইভাই একবছরের লাইগ্যা জেলে যাইতাছি। জেল খাইট্যা আইস্যা সবাইকে দেইখ্যা নিমু, গুলি কইরা মারমু। এবার আইতে পারলে জায়গা মতো দিমু`-বলে হুমকি দিয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গণপিটুনির শিকার দুইভাইকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের বাবা আলমগীর হোসেনের জিম্মায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
