খাগড়াছড়ির মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালকের পকেট মিলেছে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট। মো. এনামুল হক (৪৫) নামে এ ব্যক্তি চট্টগ্রামের বায়েজিদ থানার উত্তর কুলগাঁও এলাকার মো. রাজা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের গভামারা এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাকের ধাক্কায় খাগড়াছড়িগামী মোটরসাইকেল চালক মো. এনামুল হক (৪৫) গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার পকেট তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গুরতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তবে দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।
মানিকছড়ি থানার ওসি মুহাম্মাদ রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,পুলিশ পাহারায় মো. এনামুল হককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
