বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

দুর্গাপূজায় চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৬, ০৩:৫৮ পিএম

দুর্গাপূজায় চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্বে শামীম

 শারদীয় দুর্গাপূজাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, নাশকতা ও যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। একই চিঠিতে বিএনপির অন্যান্য বিভাগের সাংগঠনিক সম্পাদকদের নিজ নিজ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে দলের নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের চক্রান্ত, নাশকতা বা অপতৎপরতা চালাতে না পারে, সেদিকে সার্বক্ষণিক নজর রাখতে হবে।
এতে আরও বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংহতি বজায় রাখার পাশাপাশি সব ধর্মের মানুষের নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের অধিকার নিশ্চিত করতে স্থানীয়ভাবে সর্বোচ্চ সহযোগিতা দিতে হবে। পূজাকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো অপচেষ্টা হলে তা প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপে স্থানীয় পূজা উদযাপন কমিটির সদস্যদের পাশাপাশি দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এসব টিমের মাধ্যমে দিন-রাত পাহারার ব্যবস্থাও করতে বলা হয়েছে।
নির্দেশনা বাস্তবায়নে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের দ্রুত নিজ নিজ বিভাগের অধীন জেলা ও মহানগর বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে। পরে জেলা ও মহানগর পর্যায়ের নেতারা উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের এসব নির্দেশনা জানিয়ে বাস্তবায়নের উদ্যোগ নেবেন।
চিঠিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের প্রতি নিজ নিজ এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তি, স্বস্তি ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

জে/এইচ

দৈনিক মুক্তবাণী

Link copied!