নাটোর রেলওয়ে স্টেশনে এক জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরাসহ ব্যাগ চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এক যুবককে শনাক্ত করেছে পুলিশ।
বুধবার রাত থেকেই পুলিশের কয়েকটি দল হারানো ব্যাগটি উদ্ধারে মাঠে কাজ করছে বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
জার্মানির নাগরিক ১৮ বছর বয়সি ক্রিল ল্যান্ডার ঐতিহাসিক দর্শনীয় স্থান ঘুরে দেখতে বাংলাদেশে এসেছেন। ট্রেনে দর্শনা সীমান্ত হয়ে ভারত যাওয়ার আগে বুধবার তিনি নাটোর রেল স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন।
এ সময় ২০ থেকে ২৫ বছর বয়সি এক যুবক তার সঙ্গে সখ্যতা গড়ে তুলে পরে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নাটোর সদর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছে ক্রিল।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগটি উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে। এর মধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে।
তিনি জানান, রেলস্টেশনের বুধবার বিকাল ৩টা ৩৯ মিনিটের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, জার্মান পর্যটককে ডেকে নিয়ে যাচ্ছে হলুদ কোটি পরিহিত এক যুবক। তার ঠিক ১৬ মিনিট পরে কোটিটি খুলে একটি ব্যাগ নিয়ে সেই যুবককে সটকে পড়তে দেখা যায়।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, নিরাপত্তাজনিত কারণে ক্রিল ল্যান্ডার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় রাজশাহীতে অবস্থান করছেন।
তার ব্যাগ চুরিতে জড়িত ব্যক্তির পরিচয় দ্রুত নিশ্চিত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া ব্যাগটি উদ্ধারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলেও জেলার শীর্ষ ওই পুলিশ কর্মকর্তা জানান।
