রাজধানীর খিলগাঁওয়ে মাহমুদুল হাসান তুহিন (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রিয়াজবাগ এলাকায় এই ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত তুহিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকায়। তার বাবার নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি রাজধানীর নবাবপুরে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রির একটি দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে বিয়ে করেন তিনি।
নিহতের খালাতো ভাই মো. তোহা জানান, রিয়াজবাগের একটি ভাড়া বাসায় তুহিন, তার স্ত্রী এবং তিনি নিজে একসঙ্গে বসবাস করতেন। তুহিন দীর্ঘদিন ধরে আর্থিক অনটন ও মানসিক চাপে ছিলেন। ঋণের কারণে তিনি ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করারও চেষ্টা করেছিলেন।
তিনি জানান, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তুহিনকে বেশ কয়েকবার ডাকাডাকি করা হলেও রুমের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে অতিরিক্ত চাবি দিয়ে দরজা খুলে দেখা যায়, তুহিন খাটের চাদর গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে বাসার ম্যানেজার ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশকে বিষয়টি জানানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তুহিন দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় ও আর্থিক সংকটের কারণে তীব্র মানসিক চাপে ছিলেন। তিনি ঋণগ্রস্ত ছিলেন এবং এর আগেও একবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। ঘটনার সময় তার স্ত্রী কুমিল্লার বাবারবাড়িতে ছিলেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
