সোনাগাজীতে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই ছাত্রদল নেতাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলা বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রায়হান, বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন রবিন, ছাত্রদলকর্মী শেখ ফরিদ ও মোকাদ্দেস ভূঁইয়া। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার তাকিয়া বাজার সি.এন.জি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন করা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। তারা সবাই এলাকার স্থানীয় বাসিন্দা। এদিকে মাদক সেবনের অভিযোগে দুই ছাত্রদলনেতাসহ চারজন গ্রেফতারের খবরের সত্যতা পেয়ে শুক্রবার রাতে জেলা ছাত্রদলের পক্ষ থেকে জরুরী সভা ডেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বগাদানা ইউনিয়ন ছাত্রদলের জাহিদুল ইসলাম রায়হান, বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি রবিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মিলনের নির্দেশে দপ্তর- সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সোহাগ নূর জেলা ছাত্রদলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, `ছাত্রদলে কোন মাদকাসক্ত বা অপরাধীর স্থান নেই। এভাবে দল বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভবিষ্যতে কেউ অপরাধমূলক কর্মকান্ডে জড়াতে সাহস পাবে না। পুলিশ জানাই, গত বৃহস্পতিবার রাতে একদল মাদক ব্যবসায়ী উপজেলার তাকিয়া বাজার সি.এন.জি স্ট্যান্ডের পেছনে বসে মাদক সেবন ও বিক্রি করছে। গোপনে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে অভিযান চালায়।
এ সময় গাঁজা ও ইয়াবা সেবনকালে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের তল্লাশী করে মাদক সেবনের সরঞ্জামসহ বেশকিছু মাদক উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে নিয়মিত মামলা রুজু করে পুলিশ দলীয় নেতাদের অনুরোধে গোপনে তাদেরকে আদালতে প্রেরণ করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম বলেন, মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতারদের আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
