সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ০৮:০০ পিএম

গাজীপুরের টঙ্গীতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন এসটিএস উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটি ফ্লাইওভারের নিচে স্টেশনটির উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, সচিব ফিরোজ আল মামুন, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
উদ্বোধনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, বাড়ি বাড়ি থেকে সংগৃহীত বর্জ্য গাড়ির মাধ্যমে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আনা হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সেখান থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া হবে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই স্টেশন নির্মাণ করা হয়েছে।
প্রশাসক আরও বলেন, গাজীপুরের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে টঙ্গীবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরবাসীকে সিটি করপোরেশনের নাগরিক সেবাগুলো গ্রহণের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করতে হবে।
সংশ্লিষ্টদের আশা, চেরাগআলীর এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন চালুর ফলে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে শৃঙ্খলা আসবে এবং টঙ্গী এলাকায় পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

জে/এইচ

Link copied!