গাজীপুর মহানগরীর পূবাইলে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে প্রবাসফেরত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরাবাদ শুকুন্দিরবাগ এলাকার হান্নান মার্কেটসংলগ্ন মাওরাটেক রেললাইনের কাছে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রী হাসনা আক্তার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে রফিকুল ইসলাম ও হাসনা আক্তারের বিয়ে হয়। সম্প্রতি রফিকুল বিদেশ থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর পাঠানো টাকার হিসাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।
রোববার দুপুরে রফিকুল তাঁর ভাড়া বাসা থেকে হাসনাকে মাওরাটেক রেললাইনের কাছে নির্জন স্থানে নিয়ে যান। সেখানে ধারালো ছুরি দিয়ে হাসনার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
হাসনার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত স্বামীকে আটক করেন এবং গুরুতর আহত হাসনাকে উদ্ধার করেন। পরে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পূবাইল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত রফিকুল ইসলামকে হেফাজতে নেয়। নিহত ও অভিযুক্তের বাড়ি নওগাঁ জেলায় বলে জানা গেছে।
ঘটনাটি রেললাইনের কাছাকাছি এলাকায় হওয়ায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে পূবাইল থানা-পুলিশ সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশের কাছে অভিযুক্ত ও মরদেহ হস্তান্তর করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
