বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেফতার ৬

মুক্তবাণী রিপোর্ট

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০১:২৫ পিএম

চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেফতার ৬

চট্টগ্রামের বাঁশখালীতে এসআরবি সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় চাকরিচ্যুত সেনাসদস্যসহ ছয়জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বাঁশখালী থানা পুলিশ।

অপহরণের চারদিন পর কক্সবাজারের টেকনাফের লেদা (আলীখালী) রোহিঙ্গা ক্যাম্প-২৫ সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ এহছান ওরফে হাসান নামে ওই ব্যবসায়ীকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পাঁচটি কালো রঙের এসআরবি লেখা কোটি, দুটি ভুয়া এসআরবি পরিচয়পত্র ও একটি হ্যান্ডকাফ জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাঁশখালী উপজেলার পুঁইছড়ির প্রেমবাজারে ব্যবসায়ী এহছানের মালিকানাধীন মেসার্স আব্দুল্লাহ এন্টারপ্রাইজ নামের হার্ডওয়্যারের দোকানে কয়েকজন ব্যক্তি প্রবেশ করেন। তাদের পরনে ছিল কালো পোশাকের ওপর এসআরবি লেখা কোটি, মাথায় কালো ক্যাপ ও মুখে মাস্ক। তারা নিজেদের এসআরবি সদস্য পরিচয় দিয়ে ব্যবসায়ীর পরিচয় নিশ্চিত করেন।

একপর্যায়ে এহছানকে হ্যান্ডকাফ পরিয়ে টেনেহিঁচড়ে দোকান থেকে বের করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান তারা। পরে বিভিন্ন যানবাহনে স্থানান্তর করে তাকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হয়।

অপহরণের পর ওই দিন রাত ১১টা ৪০ মিনিট থেকে ব্যবসায়ীর স্ত্রী ও দোকানের ব্যবস্থাপকের মোবাইল ফোনে বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে কল করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় ব্যবসায়ীর যমজ ভাই মো. হোছাইমের এজাহারের ভিত্তিতে বাঁশখালী থানায় মামলা হয়।

জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ। সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান ও ডিবির ওসি মো. মাসুদ রানার নেতৃত্বে একাধিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

জে/এইচ

Link copied!