লক্ষ্মীপুরে বাস থেকে নামিয়ে নিয়ে যাওয়ার পর রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড় থেকে মেজবাহ উদ্দিন হেলালকে তুলে নেয়া হয়। পরে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে তাকে উদ্ধার করে ডিবি পুলিশের একটি টহল দল। এ সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল (৫৩) রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা এলাকার বাসিন্দা। আটক জামাল হোসেন (৩২) লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার দিকে ইকোনো পরিবহনের একটি বাস থেকে কয়েকজন ব্যক্তি মেজবাহ উদ্দিন হেলালকে টেনেহিঁচড়ে নামিয়ে নেন। এ সময় তাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয় বলে জানা গেছে। পরে তাকে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের কাছে গোপন তথ্য আসে, অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন ব্যক্তি লক্ষ্মীপুরের ঝুমুর মোড় থেকে ‘ভিপি হেলাল’ নামে এক ব্যক্তিকে বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে গেছেন।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। পরে উত্তর তেমুহনী লিল্লাহ মসজিদ-সংলগ্ন লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠ থেকে মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জামাল হোসেনকে আটক করা হয়।
জামাল হোসেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।
