গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮টায় টঙ্গী উত্তর আউচপাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায়। এতে এশিয়া খাঁপাড়া -তিলারগাতী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেয়।
শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে হঠাৎ করে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন। ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ প্রদর্শণ করেন। একপর্যায়ে তারা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নেয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার মূলফটকের সামনে অবস্থান নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক জানান, এখনও পর্যন্ত আমরা গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাইনি । বেতন না পাওয়ায় ঘরভাড়া এবং দোকান বাকি দিতে পারছি না। ছেলে-মেয়ে নিয়ে কষ্টে আছি।
এবিষয়ে জানতে লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মুঠোফােনে বার বার কল করার পরও তিনি রিসিভ করেননি।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রেখেছেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেয়ার দাবিতে সোমবার সকালে কারখানার সামনে এসে অবস্থান নেয়।
