নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করা হয়।
আজ সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মো. রাসেল (২৫), রাকিব (১৯), আব্দুল আলিম (১৯), মো. কামরুল ইসলাম (১৯), মো. জিহান (১৮), নিশান (১৮), মো. সিয়াম (১৮) ও জিসান (১৮)।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান জানান, গত শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর ইউনিয়নের টার্ফের পাশের সড়ক দিয়ে ঝটিকা মিছিল বের করেন। পরে তারা মহাসড়কে ওঠেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮-জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
এদিকে গতকাল রবিবার ছাত্রলীগের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিছিলের ধারনকৃত ১ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও ছড়ান।
পুলিশ জানিয়েছে অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।
