সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৩:৪৮ পিএম

চন্দনাইশে আসামি ধরতে গিয়ে হামলার শিকার এসআরবি, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের চন্দনাইশে ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি মো. আলমগীরকে গ্রেপ্তার করতে গিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে ৪০ থেকে ৫০ জনের একটি দল এসআরবি সদস্যদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিজেদের নিরাপত্তা ও সরকারি অস্ত্র-গোলাবারুদ রক্ষায় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন অভিযানকারী সদস্যরা।
এ ঘটনায় এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র। হামলায় এসআরবির চার থেকে পাঁচজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান সিফাত (২৩), জাহাঙ্গীর আলম (২৮), আজিজুর রহমান সবুজ (২১), মঞ্জুর ইসলাম (৩৯) ও মো. নবাব শরীফ ওরফে নবাব মিয়া (৩৪)।
এসআরবি-৭-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাই মাদারি গ্রামের ঘাটকুল পাড়ায় অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে বিভিন্ন থানার ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারনামীয় পলাতক আসামি মো. আলমগীরের অবস্থানের তথ্য ছিল।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে আলমগীর গ্রেপ্তার এড়াতে চিৎকার করে আশপাশের লোকজনকে জড়ো করেন। একপর্যায়ে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এসআরবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিজেদের নিরাপত্তা এবং সরকারি অস্ত্র ও গোলাবারুদ সুরক্ষায় ফাঁকা গুলি ছোড়েন সদস্যরা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, হামলার ঘটনায় শনিবার ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দিবাগত রাতে এসআরবি-৭ ও চট্টগ্রাম জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর কানাইমাদারী এলাকা থেকে আরও দুজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় অস্ত্র।
অন্যদিকে, ২০টির বেশি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আলমগীরকে গ্রেপ্তারে অভিযান ও তার সর্বশেষ অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেএইচ

Link copied!