সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৩:৪১ পিএম

সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে মারা গেলেন পুত্রবধূ

নোয়াখালীর সুবর্ণচরে শ্বশুরের মৃত্যুর সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন এক পুত্রবধূ। শনিবার রাতে শ্বশুর এবং পরদিন রবিবার সকালে পুত্রবধূর মৃত্যু হয়।

পরিবারের দাবি, শ্বশুরের মৃত্যুর শোকে আহাজারি করতে করতে পুত্রবধূর মৃত্যূ হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মারা যাওয়া শ্বশুরের নাম মো. মফিজুর রহমান (৭০)। তিনি উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন।

পুত্রবধূর নাম রাহিনা আক্তার (৩২) মফিজুর রহমানের মেজো ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান অত্যন্ত স্নেহশীল মানুষ ছিলেন এবং পরিবারকে আগলে রাখতেন। পুত্রবধূ রাহিনাকেও তিনি নিজ সন্তানের মতো ভালোবাসতেন। আর রাহিনাও শ্বশুরকে বাবার মতোই শ্রদ্ধা করতেন।

ইউপি সদস্য জানান, গত শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়। তার মৃত্যুর খবর শোনার পরপরই অঝোরে কান্নায় ভেঙে পড়েন পুত্রবধূ রাহিনা। আহাজারি করতে করতে গতকাল ভোরের দিকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পল্লীচিকিৎসক ডেকে চিকিৎসা দেওয়া হলেও সকাল সাড়ে ৯টার দিকে রাহিনা আক্তার মারা যান।

গতকাল রবিবার স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ১১টার দিকে শ্বশুর এবং সন্ধ্যার পর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয়।


ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, ‘শ্বশুরের মৃত্যু এবং সেই শোকে পুত্রবধূরও চলে যাওয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এলাকার মানুষ সবাই এ ঘটনায় শোকাহত।’

জেএইচ

Link copied!