সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূলহোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৪:৫৫ পিএম

শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূলহোতা গ্রেফতার

গ্রেফতার আবুল হায়াদ দীপু/ ছবি: ডিএমপি

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হায়াদ দীপু (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

রমনা মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির দুই নম্বর গেটের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে রমনা মডেল থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূলহোতা আবুল হায়াদ দীপুকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

এম/আই

Link copied!