খুলনার খালিশপুরে ‘আজাদ স্টোর’ নামে একটি মুদি দোকানে অগ্নিসংযোগ করে মালামাল পুড়িয়ে দেওয়ার অভিযোগে থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাসসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেছেন দোকানমালিক খাদিজা। মামলায় অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দোকানের প্রায় ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী। আদালতের নির্দেশে গত ২২ অক্টোবর খালিশপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর রাত আনুমানিক ৩টার দিকে খুলনার খালিশপুর থানাধীন কাদের সরদারপাড়া এলাকার পোর্ট কলোনি বন্ধ গেটসংলগ্ন ‘আজাদ স্টোর’ দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিবুর রহমান বিশ্বাস, আশিকুর রহমান অশোকসহ অন্যদের বিরুদ্ধে দলবদ্ধভাবে দোকানে আগুন দেওয়ার অভিযোগ করেন দোকানমালিক খাদিজা।
বাদী গত ১২ অক্টোবর আদালতে নালিশি আবেদন করেন। আবেদনে তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে বিরোধের জেরে তাঁর দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে অভিযোগের সমর্থনে প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো প্রমাণ রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নালিশি আবেদনে খাদিজা উল্লেখ করেন, তিনি একটি ছোট মুদি দোকান পরিচালনার পাশাপাশি পাশের একটি জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করেন। এসব কাজ থেকে অর্জিত আয় দিয়েই তাঁর পরিবারের জীবিকা নির্বাহ হয়। দোকানে অগ্নিসংযোগের ফলে ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি তাঁর পরিবারের জীবিকাও সংকটে পড়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আদালতে নালিশি আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগের বিষয়ে সন্তুষ্ট হয়ে খালিশপুর থানাকে এফআইআর হিসেবে মামলা গ্রহণের নির্দেশ দেন। পরে ২২ অক্টোবর মামলাটি থানায় নথিভুক্ত করা হয়। মামলার নম্বর ১৭(১০)২৬ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস নিজেকে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। তিনি বলেন, “আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। মামলার বাদী আওয়ামী লীগ করেন। তাঁর ছেলে মাদকাসক্ত। তাঁকে যারা উসকানি দিচ্ছেন, তাঁরা সবাই আওয়ামী লীগ ও শ্রমিক লীগের সঙ্গে জড়িত।”
দোকানে আগুন লাগার ঘটনা সত্য বলে স্বীকার করলেও কে বা কারা আগুন লাগিয়েছে, তা তিনি জানেন না বলে দাবি করেন হাবিবুর রহমান। তাঁর ভাষ্য, ঘটনাটি রাতের অন্ধকারে ঘটেছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুদি দোকানে অগ্নিসংযোগ করে মালামাল পুড়িয়ে দেওয়ার অভিযোগে হাবিবুর রহমান বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
