মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪০

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ১০:২০ এএম

নোয়াখালীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৪০

নোয়াখালী জেলার বিভিন্ন থানায় কিশোর গ্যাং বিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করেছে পুলিশ। পরে আটককৃতদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত করা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

থানা ভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানা থেকে ১৬ জন, কোম্পানীগঞ্জ থানা থেকে ১১ জন, কবিরহাট থানা থেকে ২ জন, বেগমগঞ্জ মডেল থানা থেকে ৩ জন, চাটখিল থানা থেকে ৪ জন, চরজব্বর থানা থেকে ২ জন ও হাতিয়া থানা থেকে ২ জনকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
 

জেএইচ

Link copied!