মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা আহত

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৬, ১১:০১ এএম

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা আহত

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল শেখ (৩৬) গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে এ ঘটনা ঘটে।

আহত সোহেলকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোহেল শেখ উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী। তিনি বড় কড়িয়া গ্রামের গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহেল শেখ মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের মধ্যে দুজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। গুলি করার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

এম/আই

Link copied!