২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের সংঘটিত নৃশংস পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং এতে জড়িত খুনিদের দ্রুত বিচারের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর শাখা ইসলামী ছাত্রশিবির।
বুধবার সকালে টঙ্গীর গাজীপুরা এশিয়া পাম্প সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে চেরাগআলী এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন আরাফাত। সমাবেশটি সঞ্চালনা করেন ছাত্রশিবির টঙ্গী মডেল শাখার সেক্রেটারি মুর্তাজা হাসান ফুয়াদ।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি হায়দার আলী, টঙ্গী মডেল শাখা শিবিরের সভাপতি মইনুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ আবু মুসা বলেন, "২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে দিবালোকে যে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আওয়ামী সন্ত্রাসীরা সেদিন নৃশংসভাবে আমাদের ভাইদের হত্যা করেছিল। বহু বছর অতিবাহিত হলেও এখনো এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়নি। আমরা অবিলম্বে পল্টন ট্রাজেডির নেপথ্যে থাকা সকল খুনি ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।"
সভাপতির বক্তব্যে ইয়াছিন আরাফাত বলেন, "২৮ অক্টোবরের শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। রাজপথে লগি-বৈঠার তাণ্ডব চালিয়ে যারা রক্তগঙ্গা বইয়ে দিয়েছিল, তাদের বিচারে ছাত্রসমাজ সর্বদা সোচ্চার থাকবে।"
বিক্ষোভ মিছিলে মহানগরী ও স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
