প্রশাসনের প্রতি এক পাক্ষিক আচরণের অভিযোগ এনে সুষ্ঠু ভোট নিয়ে শঙা প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনে জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন সরকার দলের প্রার্থীর সমর্থক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন।
বুধবার (২৮ অক্টোবর) বিকালে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জামায়াতের প্রার্থী।
তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের পরিবেশ এক পাক্ষিক। সরকারি দলের প্রার্থী একের পর এক নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। এভাবে চললে ভোটাররা ভোটকেন্দ্রে আসার আগ্রহ হারাবে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, সরকার যদি ঠাকুরগাও-১ আসনে মাগুরা স্টাইলে নির্বাচন করতে চায় তাহলে সেটি হবে সরকারের সবচেয়ে বড় ভুল। এমন কিছু হলে জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। নির্বাচনের আগে ভোটারদের বিভিন্ন কার্ডের প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন দেলোয়ার হোসেন।
