বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৯:০৪ পিএম

কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগ করলেন এনসিপি নেতা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদনের মাত্র চার ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি গঠনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরে ২৩ সদস্যের কমিটিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে আবদুল মান্নানকে আহ্বায়ক, খন্দকার দিদারুল আলমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ফারুককে সদস্য সচিব করা হয়।

কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

পরে মুঠোফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে খন্দকার দিদারুল আলম জানান, সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সন্ধ্যার পর ফেসবুকে প্রকাশিত কমিটিতে নিজের নাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দেখতে পান তিনি।

কমিটি অনুমোদনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

খন্দকার দিদারুল আলম আরও বলেন, প্রাথমিকভাবে ফেসবুক পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক চিঠি দিয়ে পদত্যাগের বিষয়টি চূড়ান্ত করবেন।

এ বিষয়ে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। তবে কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম পদত্যাগ করেছেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি তিনি।

বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানাবেন বলে জানান কাজী মাঈন উদ্দীন তানভীর।

জেএইচ

Link copied!