গাছ কেটে আগুনে পুড়িয়ে যখন উজাড় করা হচ্ছে প্রাকৃতিক বন, হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাসস্থল ও জীববৈচিত্র তখন সেই ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়ানোর একটি প্রয়াস হিসেবে জন্ম নিয়েছে পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিসিয়েটিভ। বাংলাদেশের পূর্ব পাহাড়ে ৭৫ একরের এই অরণ্য আশ্রয় দিয়েছে ১৫০প্রজাতির পাখি, ২৭ প্রজাতির সাপ, ২০ প্রজাতির ব্যাঙ-কচ্ছপ আর লজ্জাবতি বানর, বনরুই ও মেছো বেড়ালের মত দুষ্প্রাপ্য প্রাণী। তৈরী হয়েছে ৬০০০ দেশীয় গাছের নার্সারি। প্রতিষ্ঠিত হয়েছে পিটাছড়া মেডিকেল সেন্টার , পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র।
আগামী ৩১ শে অক্টোবর পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজার্ভেশন ইনিসিয়েটিভের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ‘বন ও প্রাণের উৎসব -২০২৬’। ৩৫নং খেদাছড়া প্রাথমিক বিদ্যালয়র মাঠ, পূর্ব খেদাছড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়িতে দুপুর ২টায় উদ্বোধন হবে উৎসবের। অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির সংসদ সদস্য মাননীয় ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন খাগড়াছড়ির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাত এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আফিস সালেহ।
দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে ঐতিহ্যবাহী ঘিলা খেলা, বাঁশ খেলা ও হাঁড়ি ভাঙ্গা খেলা। বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বর্ণ্যাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা চলবে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে অনুষ্ঠিত হবে আলোচনা ও পুরস্কার বিতরণী। পিটাছড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেবেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জ্বাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের সাবেক প্রধান ড. জিনাত মাহরুখ বানু, প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা, ওয়াইল্ডটিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর ড. মোঃ আ্নােয়ারুল ইসলাম, খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এবং রাঙ্গামাটির বনসংরক্ষক মোঃ আব্দুল আওয়াল সরকার। আলোচনার পর পরিবেশিত হবে মঞ্চনাটক অরণ্যের খোঁজে।
এরপর প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় দুটি ক্যাটাগরিতে দেওয়া হবে পিটাছড়া পরিবেশ সম্মাননা ২০২৬। এবছর পরিবেশবান্ধব সমাজ উদ্যোগ সম্মাননা লাভ করেছেন রিতু পারভী। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ সম্মাননা পাচ্ছে হরিরামপুর শ্যামল নিসর্গ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হবে পিটাছড়া সাংস্কৃতিক দলের পরিবেশনা। সন্ধ্যা ৭টা ২০মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত সংগীত পরিবেশন করবে চট্টগ্রামের গানের দল অগ্নীবীণা। রাত ৮টা ২০ মিনিট থেকে মাটির থেকে উঠা আসা সুর লোকসংগীতের মূর্ছনায় মঞ্চ মাতাবেন সময়ের জনপ্রিয় লোকগানের শিল্পী বগা তালেব।
জীবন ও প্রকৃতির মেলবন্ধন ঘটানো এবং স্থানীয় জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপনের এই আয়োজনে আমরা আমাদের সুহৃদ, সহযাত্রীসহ সর্বস্তরের জনগণের সানন্দ উপস্থিতি কামনা করছি। সেই সাথে সংবাদ মধ্যমের সাংবাদিক আলোকচিত্রী ও ভিডিও চিত্রগ্রাহকদের উপস্থিত থেকে সংবাদ সংগ্রহের জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
