খুলনা নগরীর চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ‘আশিক গ্রুপে’র দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটের দিকে খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
আজ বৃহস্পতিবার দুপুরে এসআরবির-৬ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।
এসআরবির দেয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
