রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা

শাহানাজ পাটোয়ারী, গাজীপুর

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৬, ১০:১৭ পিএম

গাজীপুর মহানগরীর মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা

গাজীপুর সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার দীর্ঘদিনের নাগরিক সমস্যা সমাধান ও উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার।
শুক্রবার মুন্সিপাড়ার জনগণ ও গাজীপুর সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে স্থানীয় বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
সভায় শওকত হোসেন সরকার বলেন, মুন্সিপাড়ার পুকুরটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুকুরটি সংস্কার করে সাধারণ মানুষের ব্যবহার উপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, মাদ্রাসা ও গোরস্থানের উন্নয়ন এবং চারপাশের চারটি সড়ক প্রশস্তকরণের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, এলাকার মানুষের সমস্যা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। নাগরিকদের ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় কাজ বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার দীর্ঘদিনের নানা সমস্যা তুলে ধরেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আবদুল করিম, সদর মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন নাসির, সাবেক জেলা ছাত্রদল নেতা মো. মোস্তফা নিনা, সদর মেট্রো থানা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বাপ্পি দে, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মোনায়েম এবং ২৬ নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি মো. আবুল হোসেন মাইজভাণ্ডারী।
মুন্সিপাড়া জামে মসজিদ ও ২৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আকছার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী অংশ নেন।
সভায় প্রধান অতিথির দেওয়া উন্নয়ন প্রতিশ্রুতিতে এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়। তারা মুন্সিপাড়ার দীর্ঘদিনের নাগরিক সমস্যাগুলোর কার্যকর সমাধান এবং প্রতিশ্রুত উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

জেএইচ

Link copied!