রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

খুলনায় চাপাতি দিয়ে কুপিয়ে যুবককে হত্যা, তাঁর বিরুদ্ধে ৮ মামলা

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৯:৪৭ এএম

খুলনায় চাপাতি দিয়ে কুপিয়ে যুবককে হত্যা, তাঁর বিরুদ্ধে ৮ মামলা

খুলনা নগরীতে দুর্বৃত্তদের ধারালো চাপাতির কোপে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) রাতের দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদসংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত শহীদুল শেখের বাবার নাম মাহতাব শেখ। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সড়কের ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লবণচরা থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে শহীদুলের মাথায় কোপ মেরে তাকে রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত শহীদুলের বিরুদ্ধে সাতটি মাদক মামলা ও একটি হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।
 

জেএইচ

Link copied!