রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
পথচারী নিহত

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে বাস উল্টে পুকুরে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৯:২৬ এএম

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে বাস উল্টে পুকুরে

খুলনায় লংমার্চ শেষে ফেরার পথে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে গেছে। এ সময় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।
এ ছাড়া বাসে থাকা ১০ থেকে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক মণ্ডল (৭০) সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ ও আহতদের সূত্রে জানা যায়, খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চ শেষে সাতক্ষীরায় ফেরার পথে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারায়।
পরে বাসটি পাটকেলঘাটা থানার কুমিরা চারা বটতলা এলাকায় সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

এ সময় বাসের ধাক্কায় সড়কে থাকা পথচারী আব্দুল খালেক মণ্ডল নিহত হন। এ ছাড়া বাসে থাকা ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, খুলনা থেকে সাতক্ষীরায় ফেরার পথে লংমার্চের একটি বাস সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক পথচারী নিহত হয়েছেন। এ ছাড়া বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

জেএইচ

Link copied!